পোলট্রি খাতের বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান বলেছেন, বিগত সরকারের বিপর্যয়মূলক পলিসির কারণে টাকার অবমূল্যায়ন হয়। এর ফলে পুরো অর্থনীতি বিপর্যয়ের মুখোমুখি হয় এবং খাদ্যপণ্যের দাম বেড়ে যায়।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে এসব কথা বলেন তিনি। ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শিরোনামে এ পলিসি কনক্লেভ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাহিন হাসান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমদানিকৃত ফিডের দাম বেড়ে যায়। এটি পোল্ট্রি শিল্প ও বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একইসঙ্গে টাকার অবমূল্যায়ন ঘটতে থাকে। আগের সরকারের সময় অর্থ সররবরাহ দ্রুত বৃদ্ধি পায়। ফলে টাকার অবমূল্যায়ন হয়।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২০ সালের জুন মাসে ব্রড মানি ছিল ১৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। ২০২৩ সালের জুন মাসে এসে এটা ছিল ১৮ লাখ ৯০ হাজার কোটি টাকা। তিন বছরে অর্থ সরবরাহ বেড়েছে মাত্র ৫ লাখ ২০ হাজার কোটি টাকা।
তিনি আরো বলেন, শীতকালে ডিমের চাহিদা কমে যায়। গ্রীষ্মকালে মুরগি কম খাদ্য খায় এবং কম ডিম উৎপাদন করে, ফলে দাম বেড়ে যায়। ডিম, মুরগি, মাছের দাম বাড়ে বাজার চাহিদার কারণে। কোনো কোম্পানির বিরুদ্ধে অভিযোগের আগে বাজার দেখা দরকার। মূল্যস্ফীতি রোধে সঠিক পলিসির প্রয়োজন।










