ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ও কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) কৃষি গবেষণা ও একাডেমিক সহযোগিতায় যৌথভাবে কাজ করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মঙ্গলবার (৮ জুলাই) আইইউবিএটি কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব ও কেজিএফের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।
আলোচনায় আইইউবিএটির পক্ষে বক্তব্য দেন কোষাধ্যক্ষ ও পরিচালক (প্রশাসন) অধ্যাপক সেলিনা নার্গিস, কৃষি অনুষদের অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম সিরাজুল করিম, মিয়ন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। কেজিএফের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র স্পেশালিস্ট ড. মো. মনোয়ার করিম খান ও নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় যৌথ অংশগ্রহণ জরুরি। এই ধরনের একাডেমিক অংশীদারত্ব এসডিজি অর্জনেও সহায়ক হবে।
কেজিএফের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার বলেন, আইইউবিএটিতে কৃষি গবেষণার যে সম্ভাবনা রয়েছে, তা এই অংশীদারত্বের মাধ্যমে আরো সম্প্রসারিত হবে। এখন থেকে আইইউবিএটির শিক্ষকরা কেজিএফের গবেষণা অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে যৌথ গবেষণা প্রকল্প, কৃষি প্রযুক্তি হস্তান্তর, একাডেমিক বিনিময় ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে, যা দেশের কৃষি উন্নয়নে সহায়ক হবে। —বিজ্ঞপ্তি










