সাউথইস্ট ব্যাংক পিএলসি ও নেক্সাস গ্রুপ পারস্পরিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে নেক্সাস গ্রুপের কর্মীরা সাউথইস্ট ব্যাংকের পে-রোল ব্যাংকিং, এটিএম সেবা ও অন্যান্য ব্যাংকিং সুবিধা পাবেন।

সম্প্রতি চুক্তিটি স্বাক্ষর করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন ও নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি।

এই চুক্তির আওতায় নেক্সাস গ্রুপের কর্মীরা সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন। একইসঙ্গে ব্যাংকের কার্ডধারীরা যেকোনো এটিএম থেকে নগদ উত্তোলন, পয়েন্ট অফ সেলস লেনদেন, ই-কমার্স লেনদেন, তহবিল স্থানান্তর ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অর্থ সংযোজন করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, নেক্সাস গ্রুপের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। এটি দেশের একটি স্বনামধন্য পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই চুক্তির মাধ্যমে আমরা তাদের কর্মীদের সহজ ও উন্নত ব্যাংকিং সেবা দিতে চাই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

—বিজ্ঞপ্তি