ব্যাংকিং খাতে উন্নত ঝুঁকি সংস্কৃতি গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি আয়োজন করেছে বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪। সম্প্রতি ঢাকার নিকেতনে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ব্যাংকিং খাতে উন্নত ঝুঁকি ব্যবস্থাপনা চর্চার ওপর জোর দেন বক্তারা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন (ডস-২) বিভাগের অতিরিক্ত পরিচালক মিসেস সুরভি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন ডস-২ এর পরিচালক আ ন ম মইনুল কবীর। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডস-২ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ আরিফ হাসান এবং মোসাম্মৎ নাজমিন নাহার। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান সম্মেলনে সভাপতিত্ব করেন।

এ সম্মেলনে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন শাখা অপারেশন ম্যানেজার, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট ফোরামের সদস্যরা।
বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞ কেন্দ্রীয় ব্যাংকাররা ঝুঁকি ব্যবস্থাপনার নীতিমালা এবং নির্দেশিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তারা বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ তুলে ধরে প্রাইম ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা চর্চার প্রশংসা করেন।

প্রাইম ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন এবং উপ-প্রধান কাজী নাইম মোরশেদ ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা অংশগ্রহণকারীদের ঝুঁকি চিহ্নিতকরণ ও সমাধানে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়া বিদ্যমান ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতিকে আরো শক্তিশালী করার ওপর জোর দেন, যাতে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবেলা করা যায়।

ঝুঁকি ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা পালনকারীদের প্রাইম ব্যাংক সম্মানসূচক ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে।
সম্মেলনের শেষে মো. জিয়াউর রহমান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি তাদের অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করার আহ্বান জানান। —বিজ্ঞপ্তি