ব্রোকারেজ হাউজ মশিউর সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে নানা অনিয়ম ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে প্রতিষ্ঠানটির অবস্থা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার তদন্ত আদেশ জারি করে সংস্থাটি।

তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপপরিচালক এমদাদুল হক, বিএসইসির সহকারী পরিচালক মারুফ হাসান, বিএসইসির সহকারী পরিচালক অমিত কুমার সাহা, ডিএসইর ব্যবস্থাপক মোহাম্মদ ইকরাম হোসেন এবং সিডিবিএলের ডেপুটি ম্যানেজার শরীফ আলী ইরতেজা।

তদন্ত কমিটি প্রতিষ্ঠানটির গ্রাহকদের হিসাব, ব্যাক অফিস সফটওয়্যার, অনুমোদিত ট্রেডিং ওয়ার্ক স্টেশনের তালিকা এবং নেতিবাচক ইকুইটির অবস্থা খুঁজে বের করবে। এছাড়া একই মোবাইল নম্বর, ই-মেইল, ব্যাংক হিসাব দিয়ে দুটির বেশি বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে কমিটি। মশিউর সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক, সিইও, অনুমোদিত প্রতিনিধি এবং অন্যান্য কর্মচারীর মাধ্যমে পুঁজিবাজারে কোনো লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করবে বিএসইসির কমিটি। পাশাপাশি সমন্বিত গ্রাহক হিসাবের নগদ উত্তোলন, সক্রিয় বিও হিসাব, ট্রেক হোল্ডারদের ঝুঁকি ও অবস্থানসহ অন্যান্য প্রাসঙ্গিক ইস্যু আমলে নেবে তদন্ত কমিটি। 

বিএসইসির আদেশে কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।