ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার (৯ জুলাই)। ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকারিয়া তাহের, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন ও অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন।

এছাড়া সভায় অংশ নেন নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ ও কোম্পানি সচিব মো. কায়সার রশিদ।

সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আদিল চৌধুরীকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এ সময় আদিল চৌধুরী জানান, এই গুরুত্বপূর্ণ সময়ে ন্যাশনাল ব্যাংকের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত ও কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, পরিচালনা পর্ষদের দূরদর্শী নেতৃত্ব ও দক্ষ টিমের সমন্বয়ে ব্যাংকটি টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাবে।

তিনি আরো জানান, সুশাসন নিশ্চিত করা, গ্রাহকসেবা উন্নয়ন ও গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

সভায় ব্যাংকের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদান করা হয়। —বিজ্ঞপ্তি