চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত একজন কর্মকর্তার অগোচরে তার এস্যাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের আইডি ব্যবহার করে একটি অসাধু চক্র গত চলতি বছরের ২০ মে তারিখে বিল অব এন্ট্রি দাখিল করে এক কন্টেইনার সিগারেট খালাস করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সিস্টেম হ্যাক করে নয় বরং কর্মকর্তার অবর্তমানে তার কম্পিউটার হতে তার আইডি ও পাসওয়ার্ড চুরি করে তা ব্যবহারের মাধ্যমে এই মালামাল খালাস করা হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও স্পর্শকাতর হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অপকর্মের সঙ্গে জড়িত প্রকৃত দোষী এবং তার সহযোগীদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অপকর্মের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্তের নেতৃত্বে একটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্যের নেতৃত্বে আরো একটি তদন্ত কমিটি কাজ করছে। এ কাজে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রয়োজনীয় সহায়তা নেয়া হচ্ছে।
জাতিসংঘের ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএনসিটিএডি) কর্তৃক উদ্ভাবিত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড নামক বিশ্বস্ত ও নিরাপদ সিস্টেমটি ১৯৯৩ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষসহ বিশ্বের প্রায় ১০০টি দেশ ব্যবহার করছে। অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রবেশ করার জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদারের পাশাপাশি অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের অপব্যবহার রোধে সকল কাস্টমস স্টেশনের সিস্টেম ব্যবহারকারীগণকে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের নির্দেশনা প্রদানের পাশাপাশি ২১ দিন পরপর স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড রিসেট ও পূর্ববর্তী ব্যবহৃত ৩টি পাসওয়ার্ড বাতিলের ব্যবস্থা করা হয়েছে।
সিস্টেমের জাভা আর্কাইভ ফাইলসমূহের অবৈধ ডিক্রিপশন, রি-এনক্রিপশন রোধ করার জন্য কোড সাইনার সার্টিফিকেট বাস্তবায়ন করা হয়েছে। যার মাধ্যমে ইন্টেগ্রিটি ভ্যারিফিকেশন এবং অথেনটিসিটি অ্যাস্যুরেন্সের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ব্যবহৃত কম্পিউটারে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং (ভিএপিআই) এর কাজ করছে। টেস্টিং এর ফলাফল এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সুপারিশ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।










