পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক সালমা হক ৭৫ লাখ শেয়ার তার মেয়ে সারা হকের কাছে হস্তান্তর করবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর করবেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০০ সালে পুঁজিবাজারে আসা প্রাইম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৬৩ কোটি ৫৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭। এর ৪১ দশমিক শূন্য ১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ৩৮ দশমিক ৮০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩২ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৯ দশমিক ৮৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
প্রাইম ব্যাংক পিএলসির চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নিট মুনাফা বেড়েছে ৪৯ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৩২৯ কোটি টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ২২১ কোটি টাকা।










