পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বেলা ১১টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এজিএমের নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৯ পয়সায়।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সিকদার ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৪৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ১৫ পয়সায়।
এ বছরের ২৪ জানুয়ারি স্টক এক্সচেঞ্জে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হয়। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৮২তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
সিকদার ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৪৪ কোটি ৯৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা চার কোটি। এর মধ্যে ৬০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ২২ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৭ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে। ডিএসইতে গতকাল সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারের সমাপনী দর ছিল ২৪ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১ টাকা ও ৫৩ টাকা ৯০ পয়সা।










