ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে একাডেমি ফর উইমেন অন্ট্রাপ্রেনিউরের (এডব্লিউই) প্রাক্তন প্রশিক্ষণার্থীদের জন্য প্রথমবারের মতো উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্সের কাউন্সেলর ব্রেন ফ্ল্যানিগান। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের নেতৃত্বে একটি বিশ্বব্যাপী উদ্যোগ এডব্লিউই। এ উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান, পেশাদার নেটওয়ার্ক, সফল ব্যবসা চালু ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ মৌলিক দক্ষতার প্রশিক্ষণ দেয়া হয়।

স্থানীয় নারী ব্যবসায়ীদের, নারী উদ্যোক্তাদের সমর্থন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রচার, বিশেষ করে ঐতিহাসিকভাবে কম প্রতিনিধিত্বকারী জনগোষ্ঠীর প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র দূতাবাস।

বাংলাদেশের এডব্লিউইর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন প্রাথমিক দুটি দল থেকে অংশগ্রহণকারীদের সমন্বয়ে গত বুধ ও বৃহস্পতিবার এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় নিজেদের উদ্ভাবনী পণ্য ও পরিষেবা প্রদর্শন করেন সিলেট, খাগড়াছড়ি, গাইবান্ধা, চট্টগ্রাম ও ঢাকার ৩৫ জন নারী উদ্যোক্তা। মূলত উদ্যোক্তাদের গ্রাহক ও দর্শনার্থীদের কাছে নিজেদের ব্যবসা উপস্থাপনের, নেটওয়ার্কিং ও ব্যবসা বাড়ানোর সুযোগ করে দিতেই এ আয়োজন। —বিজ্ঞপ্তি