বাংলাদেশে কর্মরত শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেভ দ্য চিলড্রেন।

আজ শনিবার (৯ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সেভ দ্য চিলড্রেন হীড বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী, রানার্সআপ ও অংশগ্রহণকারী দলের হাতে ট্রফি, মেডেল ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) ঢাকার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে দুই দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টে কেয়ার বাংলাদেশ, অক্সফাম, অ্যাকশন এইড বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, হীড বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মীরা অংশ নেন।

কেয়ার বাংলাদেশের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের ডিরেক্টর এবং ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক টনি মাইকেল গোমেজ বলেন, ‘আমাদের পারস্পরিক অংশীদারত্বের বন্ধনকে আরো শক্তিশালী করতে, শারীরিক সুস্থতা ও টিমওয়ার্ক গড়ে তুলতে এই সেক্টরের পেশাদারদের নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।’

প্ল্যান ইন্টারন্যাশনালের মো. আখতারুজ্জামান নিপু বলেন, ‘স্বল্প সময়ে এই আয়োজন করতে গিয়ে কিছু ভুলত্রুটি হতে পারে।’ সবাই মিলে আগামীতে আরো বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক ও টুর্নামেন্টের অন্যতম আয়োজক আনোয়ার হোসেন বলেন, ‘এ টুর্নামেন্টটি ডেভেলপমেন্ট সেক্টরের প্রফেশনালদের পারস্পরিক সম্পর্ক আরো মজবুত করবে। ভবিষ্যতে সবাই মিলে এমন আরো অনেক কিছু করতে চাই।’

টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল লাইট অব হোপ, গ্রামীণ ডানোন শক্তি ও ইস্পাহানি ফুড। —বিজ্ঞপ্তি