দেশের জ্বালানি খাতকে গুরুত্ব দিয়ে আধুনিক রিফাইনারি তৈরির করার আহ্বান জানিয়েছেন এমজেএল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী। সোমবার (১১ নভেম্বর) বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আজম জে চৌধুরী বলেন,'জ্বালানি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। জ্বালানির সরবরাহ ও উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এটিকে গুরুত্ব না দিলে শিল্প, অর্থনৈতিক,ব্যবসা খাত সব খাত ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানির নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে হবে।'

তিনি আরো বলেন,'জ্বালানি সংক্রান্ত অনেক কিছুই সংস্কার করার মতো আছে। তবে আমি দ্রুত সংস্কার করা দরকার এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের অনেক পুরনো একটি রিফাইনারি আছে। ইস্টার্ন রিফাইনারি-তা অনেক পুরনো। এখানে সব ধরনের ক্রুড প্রসেস করা যায় না। এ রিফাইনারি সংস্কারের জন্য বাংলাদেশ সরকার বিগত ১৫ বছরে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। তাই আমি মনে করি আমাদের দেশের জন্য সরকারের একটি আধুনিক রিফাইনারি করা উচিত। সেই আধুনিক রিফাইনারি বাংলাদেশ ও দেশের মানুষের কথা মাথায় রেখে তৈরি করা উচিত। এরপর কমার্শিয়াল ইস্যুগুলোকে গুরুত্ব দেয়া উচিত। আমি মনে করি দ্রুতই এই কাজটা শুরু করা উচিত।শুরু করা গেলেই কাজটি দ্রুত শেষ হয়ে যাবে।'