স্মাইল এশিয়ার অষ্টম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশনের উদ্বোধনী অনুষ্ঠানে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) পার্টনার হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান এরশাদ ফয়েজ। রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে গতকাল প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। ঢাকা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৮-২৪ জুলাই পর্যন্ত চলা এ মিশনে ঠোঁট ও তালুকাটা সমস্যায় আক্রান্ত ১০০ শিশুর চিকিৎসা মূল্যায়ন ও অস্ত্রোপচারের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থার সমন্বয়ে গঠিত স্মাইল এশিয়া দীর্ঘদিন ধরে মুখমণ্ডলের জন্মগত ত্রুটিতে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে।
অনুষ্ঠানে ওসমান এরশাদ ফয়েজ স্মাইল এশিয়া, সাজিদা ফাউন্ডেশন ও সরকারি কর্মচারী হাসপাতালকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের বাংলাদেশে এনে এ ধরনের মানবিক উদ্যোগ বাস্তবায়ন অত্যন্ত প্রশংসনীয়।’ পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার অবদানেরও প্রশংসা করেন ঢাকা ব্যাংকের এমডি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্মাইল এশিয়ার মহাসচিব অভিমান্য তালুকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহসানুল হক এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।










