ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্প্রিং ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) ঢাকার গ্রীন রোডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজনে নবাগত শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ, নীতিমালা ও সহায়তামূলক পরিষেবাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে দুটি পৃথক সেশনে প্রধান অতিথি ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক ও সিনিয়র ভাইস চেয়ারপারসন তাশমীম শায়েরা মঈন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে স্থপতি মাহবুবা হক বলেন, বিশ্ববিদ্যালয় হলো সেই জায়গা, যেখানে শিক্ষার্থীরা নিজেদের খুঁজে পাওয়ার সুযোগ পায়। তাশমীম শায়েরা মঈন বলেন, শৃঙ্খলা ও সহানুভূতির চর্চা একজন শিক্ষার্থীর মানবিক বিকাশে বড় ভূমিকা রাখে।
উপাচার্য ড. কামরুল আহসান নবীনদের স্বাগত জানিয়ে বলেন, ইউএপি শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত শিক্ষার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি আজীবন শেখার গুরুত্বের ওপর আলোকপাত করেন। করপোরেট ব্যক্তিত্ব কামরান বকর সততা ও স্বপ্নের প্রতি দায়বদ্ধ থেকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, অধ্যাপক ড. আবু সাইয়ীদ মোস্তাক আহমেদ, অধ্যাপক ড. জি আর আহমেদ জামাল, অধ্যাপক ড. এম এ বাকী খলিলী, অধ্যাপক ড. অলোক কুমার সাহা ও ড. এ এস এম মহসিন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম।
নবীনদের অনুপ্রাণিত করতে ইউএপির চারজন সফল প্রাক্তন শিক্ষার্থী তাদের পেশাগত অভিজ্ঞতা ও অর্জনের গল্প তুলে ধরেন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে একটি ইন্টারঅ্যাকটিভ সেশন হয়, যেখানে তারা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, শিক্ষা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারেন।
অনুষ্ঠানে বিওটি সদস্য ড. এম আলাউদ্দিন, আলহাজ আব্দুল মালেক মোল্লা, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










