তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি আর চিন্তার প্রদর্শনের লক্ষ্যে ডেভথন ৫.০ বিইউপি ডেভেলপমেন্ট লিডারস ক্লাবের একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট। এটি তরুণ প্রজন্মকে বর্তমান সময়ের বাস্তবসম্মত উন্নয়ন চ্যালেঞ্জে নিজেদের সৃজনশীলতা, দক্ষতা আর উদ্যমের প্রদর্শন করতে উদ্বুদ্ধ করে। এটি এমন এক মঞ্চ যেখানে তরুণদের চিন্তাধারা পরিবর্তনের সূচনা করে, সাহসী সমাধানের ধারণা তৈরি করে এবং ভবিষ্যতের উন্নয়নের ভিত্তি স্থাপন করে।

উন্নয়নের নতুন পথ উন্মোচনের লক্ষ্যেই প্রতিবছর বিইউপি ডিএলসি আয়োজন করে থাকে ডেভথন। তারই ধারাবাহিকতায় এবারও ২১-২৩ ডিসেম্বর ডেভথন ৫.০ এর পর্দা উঠছে। গত বছরের আয়োজনে সারা দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ৪১০ শিক্ষার্থী যুক্ত হয়েছিল। এ বছর বিশেষ আকর্ষণ হিসেবে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যার ফলে শিক্ষার্থীরা কোনো পলিসি এবং এর রিয়েল ওয়ার্ল্ড ব্যবহার সম্পর্কে ধারণা পাবে। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বণিক বার্তা।

এই বছরের অন্যতম আকর্ষণ নিম্নোক্ত ৫টি সেগমেন্ট। যেগুলোতে মোট পুরস্কার থাকছে ২ লাখ ২০ হাজার টাকা।

প্রথমেই ডেভেলপমেন্ট কেস কম্পিটিশন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তৈরি এ প্রতিযোগিতায় থাকবে বাস্তব সামাজিক সমস্যা মোকাবেলার সুযোগ। অংশগ্রহণকারীরা সমসাময়িক একটি সামাজিক সমস্যার কার্যকরী সমাধান তৈরির মাধ্যমে নিজেদের প্রতিভা প্রদর্শন করবে। এ সেগমেন্টে যেকোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট ও রেগুলার মাস্টার্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

৩-৪ জন মিলে টিম করে রেজিস্ট্রেশন করতে পারবেন ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত। এ সেগমেন্টের চ্যাম্পিয়ন, ১ম রানার্স আপ ও দ্বিতীয় রানার্স আপ পর্যায়ক্রমে পাবে ৭০ হাজার, ৫০ হাজার ও ৩০ হাজার টাকা।

এছাড়াও থাকবে শর্ট ডকুমেন্টারি কম্পিটিশন। এ সেগমেন্টে অংশগ্রহণকারীরা সামাজিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ২-৩ মিনিটের ছোট ভিডিও তৈরি করবে। এটির উদ্দেশ্য শুধু কল্পনাশক্তি আর তথ্য উপস্থাপনই নয়, বরং তরুণ প্রজন্মের মধ্যে জনসচেতনতা তৈরি করাও। এই সেগমেন্টের রেজিস্ট্রেশনের শেষ সময় ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। ভিডিও সাবমিট করা যাবে ১৫ ডিসেম্বরের মধ্যে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও দ্বিতীয় রানার্স আপের জন্য থাকছে পর্যায়ক্রমে ৩৫ হাজার টাকা, ২০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা।

এর পাশাপাশি একটি ডেভেলপমেন্ট ক্যারিয়ার এক্সপো অনুষ্ঠিত হবে। এখানে শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করার প্লাটফর্ম পাবে। এ এক্সপো শিক্ষার্থীদের চাকরিজীবনে প্রবেশের জন্য মূল্যবান দিকনির্দেশনা ও প্রয়োজনীয় নেটওয়ার্ক তৈরির সুযোগ করে দেবে। পাশাপাশি সংস্থাগুলোতে যেসব শিক্ষার্থীরা কাজ করতে চায় তারা নিজেদের সিভি জমা দেয়ার সুযোগও পাবেন। গত বছর ব্র্যাক, ফ্রেন্ডশিপ, টিচ ফর বাংলাদেশ, সেরাক বাংলাদেশ এবং অগমেদিক্স তাদের স্টল দিয়েছিল।

এ বছরের চতুর্থ সেগমেন্ট হচ্ছে ডেভটক। ডেভটক হলো বিশেষজ্ঞ ডেভেলপমেন্ট ওয়ার্কারদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়ের একটি ইনফরমাল মঞ্চ। এখানে শিক্ষার্থীরা সফল উদ্যোগ এবং ভবিষ্যতে এর সম্ভাবনা সম্পর্কে বাস্তব জীবনের উদাহরণ জানার সুযোগ পাবে।

সবশেষে থাকছে ইন্টারন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি কনফারেন্স। এটি শিক্ষার্থীদের গবেষণামূলক চিন্তাভাবনা প্রকাশের জন্য আদর্শ মঞ্চ। অংশগ্রহণকারীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে পারবেন। এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিচারকদের কাছ থেকে মূল্যবান ফিডব্যাক পাওয়ার সুযোগও থাকছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। পেশাজীবীদের জন্য রেজিস্ট্রেশন ফী ৫০০ টাকা। শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা এবং অন্যান্য মানুষদের জন্য ১০০০ টাকা। এছাড়াও বিদেশী অংশগ্রহণকারীরা বিনামূল্যে অনলাইনে অংশগ্রহণ করতে পারবেন। আরো বিস্তারিত জানা যাবে বিইউপি ডেভেলপমেন্ট লিডার্স ক্লাবের অফিশিয়াল পেজ থেকে।