পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদ যোগদান করেছেন। বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারের অনুমোদনক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল এক প্রজ্ঞাপনে রাশেদ মাকসুদকে চার বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারমান হিসেবে নিয়োগ দেয়। খন্দকার রাশেদ মাকসুদের তিন দশকেরও বেশি সময় ধরে দেশে-বিদেশে ব্যাংক খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক ব্যাংকসিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিটিব্যাংক এনএ ইন্দোনেশিয়ায় ২০০৮-১০ সময়কালে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। আশা করা হচ্ছে, তার নেতৃত্বে দেশের পুঁজিবাজার ও অর্থনীতির প্রবৃদ্ধি আরো ত্বরান্বিত হবে এবং বিনিয়োগকারীরা একটি স্বচ্ছ, গতিশীল ও উন্নত পুঁজিবাজার পাবেন।










