পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংকের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৬৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে ব্যাংকটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৩ কোটি ২৩ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে ব্যাংকটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৩ টাকা ৮০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৬৩ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭০ পয়সায়। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির পর্ষদ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৮ পয়সায়। 

সর্বশেষ ঋণমান অনুসারে, ব্যাংকটির ঋণমান দীর্ঘমেয়াদে এ প্লাস ও স্বল্পমেয়াদে এসটি-টু। ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। 

২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৬৯০ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২৩ কোটি ৪৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৯ কোটি ৫ লাখ ৮৭ হাজার ২০০। এর মধ্যে ৭৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৪৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২০ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে। 

গত বছরের নভেম্বরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে এনআরবি ব্যাংক লিমিটেড।