আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) নাটোরের চাঁদপুরে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক কৃতি শিক্ষার্থী অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী। এ সময় নার্সিং কলেজের অধ্যক্ষ রেহেনা খাতুনও উপস্থিত ছিলেন।
উজমা চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা আজকের অতিথি। কিন্তু তোমাদের অর্জন ধরে রাখতে হবে। একদিন তোমরা আলোকিত মানুষ হবে।’ তিনি আরো বলেন, ‘নার্সিং পেশা খুব সম্মানজনক একটি পেশা। দেশের ভেতরেই এ পেশায় প্রচুর চাহিদা রয়েছে। এছাড়া আমরা চাই, নার্সিং কলেজ থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে দেশের পাশাপাশি বিদেশেও সাফল্য অর্জন করুক।’

উজমা চৌধুরী আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীদের প্রচেষ্টা এবং কলেজের উদ্যোগ একদিন স্বাস্থ্য খাতে বড় উদাহরণ তৈরি করবে।’
উল্লেখ্য, ২০১৬ সালে নাটোরে ৫০ শয্যার একটি হাসপাতাল চালু করে প্রাণ-আরএফএল গ্রুপ। পরে সেখানে নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে কলেজে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু রয়েছে। কলেজটি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নির্ধারিত সিলেবাসে পাঠ্যক্রম পরিচালনা করে।
এছাড়া, নাটোর, নরসিংদী ও হবিগঞ্জসহ কয়েকটি স্থানে প্রতিষ্ঠানটির হাসপাতাল রয়েছে, যেখানে শিক্ষার্থীরা কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। —বিজ্ঞপ্তি










