বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) ৩৯তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. রেজাউল করিম। এর আগে তিনি বিউবোর সদস্য (বিতরণ) পদে দায়িত্ব পালন করেন। গত ২২ আগস্ট বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের পদে নিযুক্ত করা হয়।

মো. রেজাউল করিম ১৯৮৯ সালে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (তড়িৎ) ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালের ১৭ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে বিউবোর খুলনা বিদ্যুৎ কেন্দ্রে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি সেখানে উপবিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) হিসেবে দায়িত্ব পালন করেন। 

এছাড়া ২০১৮ সালে এপ্রিলে মো. রেজাউল করিমকে উপপ্রকল্প পরিচালক হিসেবে মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্লান্ট, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডে লিয়েনে বিউবো কর্তৃক পদায়ন করা হয়।

২০২২ সালে ১৭ ফেব্রুয়ারি অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রধান প্রকৌশলী (বিতরণ দক্ষিণাঞ্চল) হিসেবে চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি চেক রিপাবলিক, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। —বিজ্ঞপ্তি