সফটওয়্যারসংক্রান্ত সমস্যার কারণে উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে কয়েক হাজার ওশান এসইউভি প্রত্যাহার করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে বিদ্যুচ্চালিত গাড়িটির মালিকানা প্রতিষ্ঠান ফিসকার। খবর সিএনবিসি।

ঘোষণা অনুযায়ী, অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের সড়ক থেকে ১১ হাজার ২০১টি গাড়ি প্রত্যাহার করছে কোম্পানিটি। ওইসব বাহনের মোটর কন্ট্রোল ইউনিট ও নিয়ন্ত্রণকারী সফটওয়্যারে সমস্যা রয়েছে। 

ফিসকার জানিয়েছে, ওএস টু পয়েন্ট ওয়ান আপডেট পাওয়া গাড়ি প্রত্যাহারের এ ঘোষণায় প্রভাবিত হবে না। ৩০ জুনের মধ্যে সফটওয়ার আপডেট সম্পূর্ণ হবে।

উচ্চ সুদহারের কারণে সাম্প্রতিক মাসগুলোয় চাহিদা হ্রাসে ভুগছে বলে জানিয়েছে ফিসকার। এরই মধ্যে নতুন বিপর্যয় দেখা দিল গাড়ির সফটওয়ারে। এছাড়া একটি বৃহৎ অটোমেকারের সঙ্গে সম্ভাব্য চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ায় বিনিয়োগ নিয়ে উদ্বেগে রয়েছে প্রতিষ্ঠানটি।