চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। দেশের পানির ন্যায্য চাহিদা ও দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার আলোচনার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি এবং আশাবাদী, চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তিটি নবায়ন হবে। ভারতও এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশাবাদী।’ গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী জানান, পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী এরই মধ্যে একটি কমিটি গঠন করেছেন। আগামী ডিসেম্বরে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, ‘পানিসম্পদমন্ত্রী ও সরকারের অর্থ উপদেষ্টা এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিও কমিটিতে রয়েছেন।’ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে এরই মধ্যে আলোচনা চলছে। অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনাও অনুষ্ঠিত হবে।

আসন্ন এ আলোচনায় ইতিবাচক ফল আসবে এবং গঙ্গার পানিবণ্টনে দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে সাহায্য করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যমান চুক্তিটি সরাসরি নবায়ন করা হবে, নাকি সংশোধিত শর্ত যুক্ত করে নতুন চুক্তি করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গঠিত কমিটির পর্যালোচনার মাধ্যমে সরকার তার আলোচনার অবস্থান নির্ধারণ করবে।’