প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দারিদ্র্য নিরসনে বহুমুখী কার্যক্রম গ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছেন বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ছয়টি জটিল রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। 

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৬ বছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৯ লাখ কোটি টাকা। দক্ষিণ এশিয়া অঞ্চলে সামাজিক নিরাপত্তায় এত বেশি বরাদ্দ বিরল।’

তিনি আরো বলেন, ‘আমরা ১৫ বছর আগের বাংলাদেশ যেমন দেখেছিলাম, সেই বাংলাদেশ এখন অনেক বদলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপান্তরকারী নেতৃত্বে আজকের বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সঙ্গে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে সাধারণ মানুষের হাতের নাগালে। বেড়েছে গড় আয়ু, কমেছে শিশু ও মাতৃ মৃত্যুহার।’

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম, স্বাচিপ চট্টগ্রামের সহসভাপতি ডা. নাসির উদ্দিন মাহমুদসহ জেলা পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান চট্টগ্রাম মহানগরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৪১ জন ও তাদের স্বজনদের মধ্যে ৫০ হাজার টাকা করে ৭০ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।