নিয়মিত ভ্রমণকারীদের বিশেষ সুবিধা দিতে অরবিট প্রোগ্রাম চালু করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। এ সুবিধায় এয়ার অ্যাস্ট্রায় নিয়মিত ভ্রমণ করে ‘মাইলেজ’ অর্জন করতে পারবেন যাত্রীরা। অর্জিত মাইলেজ ব্যবহার করে যাত্রীরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এছাড়া বিমানবন্দরে চেকইনে অগ্রাধিকার, র‌্যাম্প কার সুবিধা, পছন্দের আসন বেছে নেয়া ও অতিরিক্ত ব্যাগেজ বহরের সুবিধাও পাবেন নিয়মিত ভ্রমণকারীরা। গতকাল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ‘অরবিট’ কর্মসূচি উদ্বোধন করেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

অনুষ্ঠানে জানানো হয়, যাত্রীদের সুবিধার্থে তিনটি ক্যাটাগরি রাখা হয়েছে অরবিট প্রোগ্রামে ইকো, ইভো ও প্রো। যাত্রীরা এয়ার অ্যাস্ট্রায় নিয়মিত ভ্রমণ করে তাদের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে মাইলেজ যোগ করতে এবং নির্দিষ্ট মাইলেজ খরচ করে এয়ার অ্যাস্ট্রায় ফ্রি ভ্রমণ করতে পারবেন।

অরবিট কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সোহেল মজিদ।