জেটব্লু এয়ারওয়েজের সঙ্গে কোড শেয়ারিংয়ের মাধ্যমে পরিচালিত ফ্লাইটে উচ্চতাসীমা লঙ্ঘন করায় এমিরেটস এয়ারলাইনসকে জরিমানা করেছে মার্কিন পরিবহন বিভাগ। এক বিবৃতিতে ১৫ লাখ ডলার জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে এ নিয়ন্ত্রক সংস্থা। খবর ইউরো নিউজ।

সেখানে বলা হয়েছে, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ ফ্লাইট নিয়ম লঙ্ঘন করেছে। এ সময় যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে চলাচলের সময় ইরাকের আকাশসীমায় উচ্চতাসীমা লঙ্ঘন করেছে উড়োজাহাজ।

এর আগে ২০২০ সালে একই ধরনের অভিযোগে ২ লাখ ডলার জরিমানা গুনতে হয় দুবাইভিত্তিক এমিরেটসকে। তখন এমিরেটস জানায়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

কোড শেয়ারিং চুক্তিতে আবদ্ধ থাকায় জেটব্লু ও এমিরেটস ওই সময় পরস্পরের ফ্লাইট টিকিট বিক্রি করতে পারত। তারা একই ফ্লাইট নাম্বারও ব্যবহার করত। এ প্রক্রিয়ায় নিউইয়র্কভিত্তিক জেটব্লু একাধিক ফ্লাইটের টিকিট বিক্রি করেছিল। 

মার্কিন এভিয়েশন কোম্পানির সঙ্গে কোড শেয়ারিং চুক্তি থাকা বিদেশী অপারেটরগুলো মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নিয়ম মানতে বাধ্য থাকে।  

এফএএর নিয়ম অনুসারে, নিরাপত্তার কারণে ইরাকের আকাশসীমা দিয়ে যাওয়ার সময় মার্কিন এয়ারলাইনস ৩২ হাজার ফুটের নিচে নামতে পারবে না। কিন্তু সে নির্দেশ মানেনি কোড শেয়ার করা ফ্লাইট।

বিষয়টি স্বীকার করে নিয়ে এমিরেটস জানিয়েছে, ফ্লাইটগুলোকে ৩২ হাজার ফুট ওপরেই রাখার পরিকল্পনা ছিল। তবে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকদের (এটিসি) নির্দেশ পেয়েই পাইলট নির্ধারিত আকাশসীমার নিচে উড়োজাহাজ নামিয়ে আনেন। আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের নিয়মানুসারেই এটি ঘটেছে।

অবশ্য এমিরেটসের মুখপাত্র জানিয়েছেন, এখন ইরাকি আকাশসীমায় মার্কিন ক্যারিয়ার কোড দিয়ে ফ্লাইট পরিচালনা করে না কোম্পানিটি।