দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশের ‘পাওয়ারিং গ্লোবাল কানেক্টিভিটি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে সৌদিয়া এয়ারলাইনসের ৪৬ বছরের যাত্রা এবং প্রতিষ্ঠানটির সঙ্গে এইচএসবিসির দীর্ঘদিনের অংশীদারত্ব উদযাপন করা হয়। বহুজাতিক ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়াহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সৌদিয়ার এভিপি ট্রেজারি অ্যান্ড ট্যাক্সেশন মোহাম্মদ আলসিলিমানি। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে সৌদিয়ার কান্ট্রি ম্যানেজার সালমান এ আলআলি এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান।
অনুষ্ঠানে সৌদিয়ার কান্ট্রি ম্যানেজার সালমান এ আলআলি বলেন, ‘বাংলাদেশের বাজারের প্রতি সৌদিয়া পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এইচএসবিসির সঙ্গে আমাদের দীর্ঘদিনের শক্তিশালী অংশীদারত্বের জন্য আমরা গর্বিত।’
তিনি আরো বলেন, ‘আমরা একই সঙ্গে বিশ্বজুড়ে মানুষের ভ্রমণকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলছি। এর মাধ্যমে পারস্পরিক ও ব্যবসায়িক যোগাযোগ তৈরি হচ্ছে, যা আন্তর্জাতিক সংযোগের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ককেও শক্তিশালী করছে।’
সৌদিয়ার এভিপি ট্রেজারি অ্যান্ড ট্যাক্সেশন মোহাম্মদ আলসিলিমানি বলেন, ‘এ অংশীদারত্ব দুটি সংস্থাকে একত্রিত করছে; যাদের লক্ষ্য মানুষ, ব্যবসা ও সুযোগগুলোকে সংযোগ করা। আমরা এ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান চলাচল খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি সমর্থন করতে আগ্রহী।’
অনুষ্ঠানে এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, ‘বিশ্বের ৪০টিরও বেশি দেশে এইচএসবিসি ও সৌদিয়ার এ যৌথ পথচলা প্রমাণ করে, আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে বৈশ্বিক করিডোরগুলোকে কীভাবে সর্বোত্তম সেবা দেয়া যেতে পারে; বিশেষত মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে। বাংলাদেশে যাত্রী ও বাণিজ্যের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এইচএসবিসি তাদের বিশেষায়িত ব্যাংকিং দক্ষতা ও স্থানীয় বাজারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সৌদিয়ার কার্যক্রম প্রসারে সহায়তা করছে, যা বাংলাদেশের জন্য নিরবচ্ছিন্ন বৈশ্বিক সংযোগ নিশ্চিত করতে ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, আন্তর্জাতিক বাণিজ্য, হজ ও ওমরাহ যাত্রা এবং আর্থিক সহযোগিতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ছয়টি সংস্থা ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। এগুলো হলো সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট, পদ্মা অয়েল পিএলসি, ইউনাইটেড লিংক লিমিটেড ও ফার্স্ট ফরওয়ার্ডিং লিমিটেড।
উল্লেখ্য, এভিয়েশন খাতে বৈশ্বিক ব্যাংকিং দক্ষতা নিয়ে এইচএসবিসি বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলোকে ট্রেড ফাইন্যান্স, ট্রেজারি, লিকুইডিটি ম্যানেজমেন্ট ও বৈচিত্র্যময় আন্তর্জাতিক আর্থিক সেবা দিয়ে আসছে।










