কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সঙ্গে ১১৭ কোটি
টাকার (১০ মিলিয়ন ডলার) আর্থিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার (১০ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের
সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনের
সঙ্গে কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম এ চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন
এজেন্সির (কোইকা) প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পটি বাস্তবায়নের
মাধ্যমে কোইকা চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিকায়ন
ও চাহিদানির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তা করবে। আমি আশা করি, এ প্রকল্পের সঠিক
সময়ে সুষ্ঠুভাবে বাস্তবায়ন আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো যুগোপযোগী করবে।
পাশাপাশি কেন্দ্রগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল কোরিয়াসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের
নিশ্চিত সুযোগ তৈরি হবে।
এর আগে গত ৭ জুলাই কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)
বাংলাদেশকে ১১৭ কোটি টাকার (১০ মিলিয়ন ডলার) আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছিল।










