দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই)
প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ার পাশা। বাণিজ্য
মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক ড. নাজনীন কাওসার চৌধুরী স্বাক্ষরিত
এক আদেশে এ তথ্য জানানো হয়। এই চেম্বারের ইতিহাসে প্রথমবারের মতো প্রশাসক হিসেবে নিযুক্ত
হলেন সরকারি এ কর্মকর্তা।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) এ আদেশে আগামী ১২০ দিনের মধ্যে চেম্বারের
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন ও দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে
বলা হয়েছে।
আদেশপত্রে উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি
নিবন্ধিত বাণিজ্য সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি
ওমর হাজ্জাজসহ ২০২৩-২০২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও
পরিচালক মিলিয়ে ২৪ জন সদস্য পদত্যাগ করেছেন। বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত হওয়ায়
প্রশাসক নিয়োগের জন্য অনুরোধ করে বিদায়ী কমিটি। বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭ ধারা
মোতাবেক সরকারের অনুমোদনক্রমে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ
আনোয়ার পাশাকে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক নিয়োগ
করা হয়েছে। তিনি ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত
কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলন শুরু হলে শতবর্ষী এ
চেম্বার থেকে সভাপতি ওমর হাজ্জাজসহ চেম্বার পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেন সিনিয়র
সহ-সভাপতি, সহ-সভাপতিসহ ২৪ জন পরিচালক।










