পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মুনাফা কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৯ পয়সায়। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৩ টাকা। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৫৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৩ টাকা ৯৯ পয়সায়। পুনর্মূল্যায়ন ছাড়া যা হয়েছিল ২৩ টাকা ৩৬ পয়সা।
সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ঢাকা ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে এনএভিপিএস দাঁড়ায় ৩৩ টাকা ৭৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।
২০১০ সালে শেয়ারবাজারে আসা ঢাকা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১২০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৬ কোটি ৮৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৫৫ দশমিক ৬৮ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ১৩ দশমিক ৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, দশমিক ১০ শতাংশ বিদেশী বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৩০ দশমিক ৭২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৮ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৬ টাকা ৫০ পয়সা ও ৬৭ টাকা ৭০ পয়সায়।










