প্রতিষ্ঠানের সিগনেচার নকশার ১৩০ বছর পূর্তি উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। নতুন এ ক্যানভাসের নাম রাখা হয়েছে ‘মনোগ্রাম এম্বলেম’। মনোগ্রাম ক্যানভাস হলো কোনো একটি ব্র্যান্ডের পণ্য চেনার প্রধান ডিজাইন।

লুই ভিতোঁ জানিয়েছে, নতুন ক্যানভাসটি ব্র্যান্ডের ঐতিহ্যবাহী নকশাকে আধুনিক উপকরণ ও প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। এটি একটি জ্যাকার্ড ক্যানভাস, যার নকশা তৈরিতে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করা হয়েছে প্রতিষ্ঠানের ঐতিহাসিক ট্রভেল ট্রাংকে ব্যবহৃত সুতি ক্যানভাস।

চলতি মাসে বাজারে আসা নতুন ক্যানভাস আগের পরিচিত কোটেড ক্যানভাসের তুলনায় বেশ ভিন্ন। এর উপাদান, বুনন ও রঙ ব্যবহারে নতুনত্ব আনা হয়েছে। ক্যানভাসটি তৈরি হয়েছে গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড সনদপ্রাপ্ত সুতি ও লিনেন সুতার মিশ্রণে। ফলে এটি ব্যবহারে আলাদা অনুভূতি পাওয়া যায়।

শুধু নকশা নয়, স্থায়িত্বের দিকেও গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ক্যানভাসটি পানিপ্রতিরোধী ও দীর্ঘদিন ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে বলে দাবি লুই ভিতোঁর। এর ঘন বুননের কারণে ব্র্যান্ডের পরিচিত ‘LV’ মনোগ্রাম আগের তুলনায় আরো স্পষ্ট ও গভীরভাবে ফুটে ওঠে।

নতুন ক্যানভাস তৈরিতে রঙের ব্যবহারও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। লুই ভিতোঁর নিজস্ব রঙের সংগ্রহ থেকে বিভিন্ন শেড বেছে নেয়া হয়েছে। প্রতিটি রঙ তৈরিতে ব্যবহার করা হয়েছে পাঁচ ধরনের আলাদা সুতা।

লুই ভিতোঁর জনপ্রিয় কয়েকটি ব্যাগে ব্যবহার করা হবেনতুন ক্যানভাসটি। এর মধ্যে রয়েছে আলমা, নেভারফুল, স্পিডি, নোয়ে ও কিপঅল। পাশাপাশি সাইড ট্রাংক ব্যাগেও এটি ব্যবহার করা হবে।

শুধু ব্যাগ নয়, ছোট চামড়াজাত পণ্য, জুতা ও অন্যান্য ফ্যাশন অনুষঙ্গেও নতুন মনোগ্রাম এম্বলেম ক্যানভাসের দেখা মিলবে।

ফ্যাশন বিশ্লেষকদের মতে, এ পরিবর্তনের মাধ্যমে লুই ভিতোঁ দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখেই নতুন প্রজন্মের ক্রেতাদের কাছে আরো আধুনিক রূপে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করছে। নতুন ক্যানভাসটি ব্র্যান্ডটির ইতিহাস ও আধুনিকতার সমন্বয়ের একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। —খবর ও ছবি মেরি ক্লেয়ার