পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ডাবল এ মাইনাস ও স্বল্পমেয়াদে এসটি-টু। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৪ হিসাব বছরের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৩ পয়সায়। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। 

২০২২ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৩ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ৪০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৬৫ পয়সা। 

২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২ টাকা ২৩ পয়সা, আগের বছরে যা ছিল ২ টাকা ৭৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৬৫ পয়সায়, আগের বছরের একই সময় শেষে যা ছিল ১৭ টাকা ৯১ পয়সা।

২০২০ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৮ হিসাব বছরেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা। 

২০০৯ সালে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৭ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০৯ কোটি ৯৫ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫০ দশমিক ৫৭ শতাংশ শেয়ার। এছাড়া সরকারের কাছে ৯ দশমিক ৩৪, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৯০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স শেয়ারের সর্বশেষ দর ছিল ৩৩ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৪ টাকা ১০ পয়সা ও ৪৪ টাকা।