সম্প্রতি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
বাজার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২১ আগস্ট কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৩৬ টাকা ৯০ পয়সায়। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। গতকাল কোম্পানিটির সর্বশেষ শেয়ারদর দাঁড়িয়েছে ৪৬ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৮ টাকা ৯০ পয়সা ও ৭৫ টাকা।
জেড ক্যাটাগরির এ কোম্পানি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৪ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৭৫১। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৮ দশমিক ১৪ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৫৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৮ দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে।
সমাপ্ত ২০১৯ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ২০১৬ হিসাব বছরে ১৫ শতাংশ নগদের পাশাপাশি ২০ শতাংশ স্টক এবং ২০১৫ হিসাব বছরে ৩৯ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।
কোম্পানিটির দীর্ঘমেয়াদে ঋণমান ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।










