উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ভিসা’। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং ভিসা’র পক্ষে এশীয় প্রশান্ত অঞ্চলের সরকারি প্রতিষ্ঠান বিষয়ে ব্যবসা পরিকল্পনা ও বাস্তবায়ন প্রধান জেসন ডংসেউক লি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এর মাধ্যমে ৩ বছরে ৫ লাখ এসএমই উদ্যোক্তা সেবা পাবেন।

এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, অর্থায়ন, বাজার সংযোগ ও বাজারজাতকরণ, ডিজিটাল পদ্ধতিতে সরকারি প্রণোদনা গ্রহণ, নীতি সহায়তা এবং উদ্যোক্তা উন্নয়নে রিসোর্স পারসনদের দক্ষতা বৃদ্ধি-এই ৬ ক্ষেত্রে উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসা’র কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট শ্রুতি গুপ্তা।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশনের প্রায় সাড়ে ৪ হাজার কর্মসূচির মাধ্যমে প্রায় ২০ লাখ সুবিধাভোগী এসএমই উদ্যোক্তার অর্ধেকেরও বেশি নারী। এ সময়ে উদ্যোক্তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের দক্ষতা বৃদ্ধিতে ফাউন্ডেশনের প্রায় সাড়ে ৫শ কর্মসূচির সুবিধাভোগী ১১ হাজারেরও বেশি। এছাড়া ফাউন্ডেশনের ৮টি ডিজিটাল প্লাটফর্মের সেবা নিয়েছেন প্রায় এক লাখ ৩০ হাজার এসএমই উদ্যোক্তা। সমঝোতা স্মারকের আওতায় আগামী ৩ বছরে অন্তত ৫ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সেবা দেয়া হবে। ’

তিনি বলেন, ‘সমঝোতা স্মারক অনুসারে, নারী-উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায় ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ আয়োজন; অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে উদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসা ও প্লাটফর্মকে নিরাপদ করতে পরামর্শ সভা, কর্মশালা ও সেমিনার আয়োজন; ভিসা’র নিজস্ব বাণিজ্যিক ও এসএমই সেবা এবং সহযোগী ব্যাংকের সঙ্গে উদ্যোক্তাদের পরিচিতির মাধ্যমে উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা নিশ্চিতকরণ; স্বচ্ছ, ঝামেলামুক্ত ও ডিজিটাল পদ্ধতিতে উদ্যোক্তাদের জন্য সরকারের বিভিন্ন প্রণোদনা ছাড় করার ক্ষেত্রে পাইলট প্রকল্প পরিচালনায় সহায়তা; ‘ভিসা গভর্নমেন্ট ইনসাইট হাব’ এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নের সরকারি নীতি নির্ধারণে সহায়তা এবং সিএমএসএমই উদ্যোক্তাদের উন্নয়নে রিসোর্স পারসনদের দক্ষতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ভিসা।’