রাজনৈতিক অস্থিরতার কারণে গত দুই মাসে তৈরি পোশাক খাতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এ ক্ষতি পুষিয়ে নিতে সহজ শর্তে সরকারের কাছে দুই হাজার কোটি টাকা ঋণ চেয়েছে সংস্থাটি। বিজিএমইএ সভাপতি ও ডিজাইন টেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান। মঙ্গলবার (২৭ আগস্ট) আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ সভাপতি বলেন, শুধু তৈরি পোশাক খাতের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আনুমানিক ১৮শ থেকে ১৯শ কোটি টাকা সফট লোন চেয়েছি। গত ৪৫ দিনের মধ্যে আমাদের ১৬-১৭ দিন প্রোডাকশন বন্ধ ছিল। পাশাপাশি বন্যার কারণেও চার-পাঁচ দিন রফতানি করা যায়নি। অনেকগুলো কারণে শুধু এ সেক্টরের জন্য সহায়তা চেয়েছি। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের ফ্যাক্টরিগুলো প্রায় ১৬ দিন রান করতে পারেনি। এ কারণে আমরা একটি সফট লোনের জন্য উপদেষ্টার কাছে অনুরোধ করেছি। একটা মাসের জন্য যদি একটা সফট লোন দেয়া যায়, এ লোন ইন্টারেস্টসহ এক বছরের মধ্যে আমরা ফেরত দিয়ে দেব। এছাড়া আরো ছোট ছোট কিছু ইস্যুও ছিল। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, আমরাও এ সরকারের সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।

তিনি বলেন, পাশাপাশি আমাদের আরেকটি ইস্যু ছিল যে আগে আমরা ছয়টি লোনের কিস্তি ফেল করলে আমাদের ক্লাসিফায়েড করত, পরে এটা পরিবর্তন করে তিনটিতে নেমে এসেছে। আমরা এটাকে আবারো ছয়টা করতে বলেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আবার তিনটা করতে পারবেন।

খন্দকার রফিকুল ইসলাম বলেন, তিনি (অর্থ উপদেষ্টা) অত্যন্ত পজিটিভ, আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছেন এবং আমরাও তাকে সব ধরনের সহযোগিতার করব বলে আশ্বস্ত করেছি। বাংলাদেশের রফতানি অনেক দ্রুত বাড়বে। আমরা আশা করছি আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সবার সহযোগিতা থাকলে বিদেশী বায়ারদের আস্থা বাড়বে। আমরা বিশ্বাস করি যে অনেক বেশি বিজনেসে বাংলাদেশ মুভ করবে।