বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে কেন রিসিভার নিয়োগ করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চ গতকাল এ বিষয়ে রুল জারি করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব বলেন, ‘বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠানের বিষয়ে যাবতীয় তথ্য দিতে এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বেক্সিমকো গ্রুপের নেয়া কী পরিমাণ ঋণ বকেয়া আছে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। এছাড়া বেক্সিমকো গ্রুপ অব কোম্পানির সম্পদ ব্যবস্থাপনায় তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগ করে কোম্পানির সব সম্পদ ক্রোক (অ্যাটাচ) করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে রুল দেয়া হয়েছে।’ আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন। অ্যাডভোকেট মাসুদ আর সোবহান নিজে এ রিট আবেদন করেছেন।










