ব্রাহ্মণবাড়িয়ায় ১০ম বারের মতো অনুষ্ঠিত হলো ‘আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি ২০২৪’। শনিবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বাধীনতা হলে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারের পক্ষ থেকে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারো সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩টি শীর্ষস্থানীয় স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সরাইলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং সরাইলের বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় ভর্তিতে সাফল্যের জন্য তাদের সংবর্ধিত করা হয়। মোট ১০০ জন শিক্ষার্থীকে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। আর্থিক অনুদানের পাশাপাশি প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট বক্স প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা- হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং দায়িত্বপ্রাপ্ত বিচারপতি, মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস , চট্টগ্রাম-২। তিনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি মনোযোগী হবার উপদেশ দেন। তিনি বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, তাই শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দিতে হবে।’ প্রধান অতিথি এমন নান্দনিক ও ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহমূলক বৃত্তি প্রদানের জন্য স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি’র প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর স্ত্রী ও বৃত্তি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা পুষ্প চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মো. শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শের আলম মিয়া, সরাইলের উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূঁইয়া, সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে এরকম শিক্ষা উদ্দীপনামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি এ বৃত্তির কলেবর আরো বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা অনুভূতি প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার বাচিক শিল্পী মনির হোসেন। বিজ্ঞপ্তি










