পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ। গতকাল তার নিয়োগের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই দিন এর আগে বিএসইসির চেয়ারম্যান হিসেবে এম মাসরুর রিয়াজের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো।

রাশেদ মাকসুদ সর্বশেষ বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি ছিলেন। বর্তমানে তিনি বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।