দেশের কৃতি বিজ্ঞান গবেষকদের মাঝে বিএএস-ইমেরিটাস অধ্যাপক ড. সুলতান আহমেদ চৌধুরী সায়েন্স অ্যান্ড টেকনোলজি গোল্ড মেডেল প্রদান করা হয়েছে।

গত ৯ নভেম্বর রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত গবেষকদের মাঝে গোল্ড মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম জাহিদ হাসান, ট্রাস্টি রিপ্রেজেন্টেটিভ হিসেবে উপস্থিত ছিলেন ড. সুলতান আহমেদ চৌধুরীর কন্যা র‌্যাংগস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন জাকিয়া রউফ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের (বিএএস) সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী । বিএএস সেক্রেটারি অধ্যাপক ড. হাছিনা খান এবং অন্য দুজন ট্রাস্টি প্রতিনিধিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইমেরিটাস অধ্যাপক ড. সুলতান আহমেদ চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ও বিএএসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। —বিজ্ঞপ্তি