বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরের হজ অপারেশন সফলভাবে শেষ করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি সর্বশেষ ফিরতি হজ ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর হাজীদের মধ্যে জমজমের পানি বিতরণের মাধ্যমে এবারের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সরকার নির্ধারিত এয়ারলাইন্স হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও সৌদিয়া ও ফ্লাইনাস সম্মিলিতভাবে এ বছর হজযাত্রী পরিবহনে অংশ নেয়। অতিরিক্ত হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী পুরো হজের মৌসুমজুড়ে দায়িত্ব পালন করেছে। যাত্রী পরিবহনের পাশাপাশি হাজিদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেয়ার কাজটিও এককভাবে সামলায় সংস্থাটি।

এই পুরো কার্যক্রম সফলভাবে শেষ করে নিজেদের দক্ষতা, পেশাদারিত্ব ও দায়বদ্ধতার প্রমাণ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থা।