ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গতকাল বন্দরনগরীর জামালখানে সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ স্মারক স্বাক্ষরিত হয়।

সিআইইউর ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের এবং আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম (এফসিএস) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিআইইউর ভিসি অধ্যাপক ড. এমএম নুরুল আবসার বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার অন্যতম শর্ত হচ্ছে পারস্পরিক সহযোগিতা। সিআইইউ সেই ধারাবাহিকতায় দক্ষ মানবসম্পদ এবং পেশাদারত্ব গড়ে তুলতে দেশের খ্যাতনামা এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিআইইউর ট্রেজারার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, আইসিএসবির ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (এফসিএস), সেশন স্পিকার আইসিএসবির এডুকেশন কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবায়েত (এফসিএস), ইভেন্ট কো-অর্ডিনেটর মো. দেলোওয়ার হোসাইন (এফসিএস) প্রমুখ।

প্রসঙ্গত, চুক্তি অনুযায়ী সিআইইউর শিক্ষার্থীদের নানা ধরনের কোর্সে ভর্তির সুবিধা এবং প্রশিক্ষণ প্রদান করবে আইসিএসবি।—বিজ্ঞপ্তি