বার্ষিক ডিপজিটরি (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি হার ১৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩-এর তফসিল-৪-এর (ডিপজিটরি প্রদত্ত সেবার ফি) ক্রমিক নং ৩-এর (ফি হার) সংশোধনী প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদনের সিদ্ধান্ত কমিশন সভায় গৃহীত হয়েছে। সংশোধন অনুযায়ী বার্ষিক ডিপজিটরি (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি হার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস (ডিপি) ও বিএসইসির মধ্যে সমানভাবে বণ্টন হবে।

এ ফি সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর হবে। আগের অর্থবছরের জন্য হিসাব রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা হারে প্রযোজ্য হবে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের অগ্রিম বার্ষিক হিসাব রক্ষণাবেক্ষণ ফি প্রদানের সময়সীমা ২০২৫ সালের ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে কমিশন।