এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম সাইদুর রহমান। কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। তিনি ১৪ আগস্ট সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সাইদুর রহমান টানা ১৫ বছর এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সিইও ছিলেন। পরবর্তী সময়ে তিনি প্রাইম ইন্স্যুরেন্সে চিফ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কেএম সাইদুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) চার্টার্ড সেক্রেটারি এবং ফেলো সদস্য (এফসিএস)। এছাড়া আইসিএসবির ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। তিনি বিভিন্ন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অতিথি বক্তা হিসেবেও কাজ করেছেন।
বীমা খাতে অভিজ্ঞ সাইদুর রহমান ঝুঁকি ব্যবস্থাপনা, বীমা, পুনঃবীমা এবং স্থানীয় বাজারে বিশ্বমানের প্রভাব, অ্যান্টি-মানি লন্ডারিং ইত্যাদি বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। তিনি দেশের বীমা শিল্পে নিয়োজিত মুখ্য নির্বাহীদের সংগঠনের একজন সদস্য। —বিজ্ঞপ্তি










