দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক ড. নাজনীন কাওসার চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়, বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত হওয়ায় প্রশাসক নিয়োগের জন্য অনুরোধ করে বিদায়ী কমিটি। বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনক্রমে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আদেশপত্রে আরো বলা হয়, তিনি ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। —বিজ্ঞপ্তি










