নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। এছাড়া নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান এবং সহসভাপতি হিসেবে রয়েছেন মো. শামসুজ্জামান। গতকাল বিকেএমইএর ঢাকা কার্যালয়ে সংগঠনের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিকেএমইএর সাবেক সভাপতি একেএম সেলিম ওসমান দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র পাঠান। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিকেএমইএর সাবেক সভাপতি ও গুরুত্বপূর্ণ নেতৃত্বের সমন্বয়ে পরবর্তী সময়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত পরিচালনা পর্ষদে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মনসুর আহমেদ। এছাড়া সহসভাপতি পদে আছেন অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল, সহসভাপতি (অর্থ) আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ।










