মিশ্র অবস্থা চলছে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ মসলা বাজারে। গতকাল বাজার ঘুরে দেখা গেছে, জিরা ও এলাচের দাম কমলেও বেড়েছে দারচিনি, লং ও সাদা গোলমরিচের দাম।
দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে জিরার দাম কেজিপ্রতি কমেছে প্রায় ১০০ টাকা। আর এলাচের দাম কমেছে ২০০-৩০০ টাকা। অন্যদিকে লংয়ের দাম বেড়েছে কেজিপ্রতি ১২০ টাকা, সাদা গোলমরিচের দাম বেড়েছে কেজিতে ৩০-৫০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা বলছেন, দেশের মসলাপণ্যের বাজার মূলত আমদানিনির্ভর। বর্তমান সময়ে ডলার সংকট, এলসি খোলার জটিলতাসহ নানা কারণ দেখিয়ে আমদানিকারকরা নিজেদের ইচ্ছেমতো দাম বাড়িয়ে বিক্রি করছে। দাম অতি মাত্রায় বেড়ে যাওয়ায় চাহিদা কমে গেছে। বিক্রির পরিমাণ অর্ধেকেরও নিচে নেমেছে। এ কারণে কিছু কিছু মসলার দাম কমাতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা।
বাজারের তথ্য বলছে, দুই সপ্তাহ আগের ১ হাজার ৬০ টাকা থেকে ১১০ টাকা কমে গতকাল নিতাইগঞ্জে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে ৯৫০ টাকা দরে। ভালো মানের এলাচ ২ হাজার ৩০০ টাকা থেকে কেজিপ্রতি ৩০০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়। আর নিম্ন মানের এলাচের দাম ১ হাজার ৮০০ টাকা থেকে ২০০ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকা দরে। আর দারচিনি দুই সপ্তাহ আগে বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫০০-৫২০ টাকা দরে। গতকাল পণ্যটি বিক্রি হয়েছে ৪০০-৪৬০ টাকা দরে। দুই সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে ৫০-৬০ টাকা।
অন্যদিকে বাজারে লংয়ের দাম ১ হাজার ৪০০ টাকা থেকে বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১ হাজার ৫২০ টাকায়। দুই সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১২০ টাকা। প্রতি কেজি সাদা গোলমরিচের দাম ৯০০ টাকা থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯৩০ টাকা দরে। তবে অপরিবর্তিত রয়েছে কালো গোলমরিচের দাম। কেজিপ্রতি পণ্যটি বিক্রি হচ্ছে ৬৬০ টাকায়।
মসলা ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব ও দেশের অভ্যন্তরে ডলার সংকট, এলসি খোলার জটিলতা ও আন্তর্জাতিক বাজারে মসলাপণ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের বাজারেও অস্বাভাবিকভাবে বেড়েছে মসলার দাম। ফলে বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে। তাই দাম কমাতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।’
আরেক মসলা ব্যবসায়ী সাব্বির নেওয়াজ বলেন, ‘বাজারে মসলার দাম বেড়ে যাওয়ায় নিতাইগঞ্জের পাইকারি বাজারে মসলা বেচাকেনায় ধস নেমেছে। আগে পাইকারিতে প্রতিদিন পাঁচ-সাত লাখ টাকার মসলা বেচাকেনা হতো। সেখানে বর্তমানে ১ লাখ টাকা বিক্রি করাও কষ্টসাধ্য হয়ে গেছে।’










