শিল্প গ্রুপটি গতকাল একযোগে রাজধানীর মেট্রোরেল এমআরটি লাইন ৬-এর নয়টি স্টেশনে এবং গুলশান-১-এ আউটলেট চালু করছে। এর মধ্যে গুলশান ১-এ (সড়ক ৩৪, বাড়ি ৪৮) ফ্রেশ সুপার মার্টের আউটলেটটি উদ্বোধন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল। এ সময় পরিচালক তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা ও ব্যারিস্টার তাসনিম মোস্তফা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন শিল্প গ্রুপটির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক তায়েফ বিন ইউসুফ; নির্বাহী পরিচালক ও এক্সপোর্ট প্রধান সামিরা রহমান এবং ওয়াশিকুর রহমান ও রাশিক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমজিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশানের পাশাপাশি মেট্রোরেলের মতিঝিল, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর-১০, মিরপুর-১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট এবং উত্তরা নর্থ ডি গেট স্টেশনে ফ্রেশ সুপার মার্টের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে পরীক্ষামূলকভাবে তেজগাঁও, মেঘনাঘাট এবং মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে (এমআইইজেড) তিনটি আউটলেট চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এমজিআইয়ের চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশের নগরজীবন দ্রুত বদলাচ্ছে এবং ব্যস্ত মানুষের কেনাকাটার ধরনও পরিবর্তিত হচ্ছে। আমরা চাই প্রতিদিনের যাত্রাপথেই গ্রাহকরা যেন সহজে, দ্রুত এবং মানসম্মত পণ্য সংগ্রহ করতে পারেন। ফ্রেশ সুপার মার্ট সেই লক্ষ্য বাস্তবায়নের একটি আধুনিক উদ্যোগ, যা দেশের রিটেইল খাতে নতুন মানদণ্ড তৈরি করবে।’

দেশের খুচরা বাজারের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে আধুনিক সুপারশপ ও ব্র্যান্ডভিত্তিক রিটেইল শপ এখনো ৫ শতাংশেরও কম। অথচ বিশ্বের অনেক উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশে আধুনিক সুপারশপের উপস্থিতি অনেক বেশি দেখা যায়। আমরা সেই ব্যবধান কমাতে কাজ করছি।’ প্রাথমিকভাবে সারা দেশে আরো ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান শিল্প গ্রুপটির চেয়ারম্যান।

এমজিআই বলছে, দেশের বিদ্যমান সুপারশপ ও হাইপার মার্কেটগুলোর তুলনায় ফ্রেশ সুপার মার্ট ভিন্ন ধারণা নিয়ে এসেছে। ব্যস্ত মানুষের চলার পথেই প্রয়োজনীয় কেনাকাটার সুবিধা পৌঁছে দিতে ছোট পরিসরের এসব আউটলেট গড়ে তোলা হয়েছে। টোকিও, সিউল ও সিঙ্গাপুরের মতো শহরগুলোতে এ ধরনের মডেল এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ফ্রেশ সুপার মার্টের প্রতিটি আউটলেটে দুগ্ধজাত ও হিমায়িত খাদ্যপণ্য, নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্য, গৃহস্থালি সামগ্রী, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা পণ্য, কসমেটিকস এবং ওভার দ্য কাউন্টার ওষুধ পাওয়া যাবে। এছাড়া ইন-স্টোর ক্যাফেতে কফি ও বিভিন্ন স্ন্যাকস উপভোগের সুযোগ থাকবে। ফ্রেশ ব্র্যান্ডের পণ্যের পাশাপাশি দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের পণ্যও বিক্রি করা হবে।