বীমা খাতের তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করার জন্য সভাটি আহ্বান করা হয়। তবে গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পর্ষদ সভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৯ কোটি ৪৩ লাখ ৭১ হাজার টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৮৪৭ কোটি ২৬ লাখ ৮৭ হাজার টাকা।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৭৮ পয়সা।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৪৪ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৮৮ টাকা ৯০ পয়সা ও ১৭৯ টাকা।










