বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল মিলস লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারপ্রতি ৮ টাকা ৫ পয়সা লোকসান হয়েছে। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি ৪৩ পয়সা আয় হয়েছিল কোম্পানিটির। লোকসান হওয়ার কারণে আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।

গতকাল অনুষ্ঠিত সভায় প্রাইম টেক্সটাইলের ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ অক্টোবর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ অক্টোবর।

কাঁচামাল সংকট এবং বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি কারণে গত বছরের ১ ডিসেম্বর থেকে প্রাইম টেক্সটাইলের কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর পর থেকে এখন পর্যন্ত পুনরায় উৎপাদন চালু করা সম্ভব হয়নি। মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে গত ২৯ জুলাই প্রাইম টেক্সটাইলের ছয় মাসের উৎপাদনের অবস্থা জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি জানায় যে গত বছরের ১ ডিসেম্বর থেকে তাদের কারখানা বন্ধ রয়েছে।

২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের পর্ষদ। ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৯-২০ হিসাব বছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইল মিলসের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৮ কোটি ২০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২০০ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৮২ লাখ। এর মধ্যে ৫০ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে। এছাড়া ৫ দশমিক ২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ২৫ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।