পূবালী ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেনকে আরো সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত সম্ভার ও সীমান্ত স্কয়ারে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন বুথ চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার এবং বাংলা কিউআর সেবার সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা প্রদান ও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। ব্যাংকের ঢাকা উত্তরের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক একেএম আব্দুর রকীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহনেওয়াজ খান।

প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, ‘আজকের এ ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন আমাদের ডিজিটাল রূপান্তরের ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক সবসময় অঙ্গীকারবদ্ধ।’

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। এ উদ্যোগের মাধ্যমে আমরা শুধু সেবা দিচ্ছি না, বরং গ্রাহকদের মধ্যে ডিজিটাল আর্থিক সচেতনতা গড়ে তুলতেও কাজ করছি।’

পূবালী ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রসার ঘটানো। ক্যাম্পেইন বুথে গ্রাহকরা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, পিওএস মেশিন, মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন এবং বাংলা কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক পেমেন্ট সুবিধা সম্পর্কে হাতেকলমে ধারণা পাচ্ছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া, উপ-মহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো. রবিউল আলম, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা, সোনারগাঁও জনপথ শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান সরদার এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।