সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। এদিন পুঁজিবাজারে ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন নেমে এসেছে, যা ২৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৮ আগস্ট ৪৮০ কোটি টাকার লেনদেন হয়েছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৮ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭১ পয়েন্টে অবস্থান করছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২ পয়েন্ট কমে ২ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। 

গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, খান ব্রাদার্স, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ব্যাংক ও এমজেএল বাংলাদেশের শেয়ার। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ২০৫টির আর অপরিবর্তিত ছিল ৩৯টি সিকিউরিটিজের বাজারদর। গতকাল ডিএসইতে ৪৮১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৫৩১ কোটি টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে ৯ দশমিক ৩ শতাংশ। 

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ৩৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১১ দশমিক ৯ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাত। ৭ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত। আর ৬ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে বস্ত্র খাত।

গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষে ছিল সেবা, তথ্যপ্রযুক্তি ও সাধারণ বীমা খাত। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল পাট, কাগজ ও চামড়া খাত।