চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নিট প্রিমিয়াম আয় বেড়েছে ১৩ দশমিক ৫৪ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি ২৯৬ কোটি ৩৮ লাখ টাকা নিট প্রিমিয়াম আয় করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬১ কোটি ৩ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্র অনুসারে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, চলতি বছরের ৩০ জুন শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬৩৫ কোটি ৩২ লাখ টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬২২ কোটি ৬৮ লাখ টাকা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২২ আগস্ট দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ৩০ জুলাই।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ৩৭৮ কোটি ৭ লাখ টাকা নিট প্রিমিয়াম আয় করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১৪ কোটি ২৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় বেড়েছে ২০ শতাংশ। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬২২ কোটি ৬৮ লাখ টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬১৩ কোটি ৬ লাখ টাকা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশের ঘোষণা করেছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি লাইফের পরিচালনা পর্ষদ।










